মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান (৩৫) এবং এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন (১৮) নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বন বিভাগের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা এবং হাসান আলীর ছেলে। অন্যদিকে, নিহত আকমল হোসেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর স্থায়ী ঠিকানা মেহেরপুর সদরের বুড়িপোতা গ্রামে হলেও পড়াশোনার সুবিধার্থে তিনি শহরের শেখপাড়ায় নানার বাড়িতে থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহফুজুর রহমান মোটরসাইকেলে গাংনী অফিসের দিকে যাচ্ছিলেন, আর বিপরীত দিক থেকে শহরের দিকে আসছিলেন আকমল। বন বিভাগের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

অনলাইন ডেস্ক