চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দিগচাইল কাশেমুল উলূম মাদ্রাসা হতে তালুকদার বাড়ির সড়ক সংস্কার কাজে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া, ভিটের বালি, এবং প্রয়োজনের তুলনায় কম রড ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। আরও অভিযোগ রয়েছে, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর উপস্থিতিতে এই অনিয়মের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট দফতর থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি, যা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
জানা যায়- ২০২৪-২৫ অর্থবছরে দিগচাইল কাশেমুল উলূম মাদ্রাসা হতে তালুকদার বাড়ির সড়কটি ১শ’ ফুট আর সি,সি ঢালাইয়ের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরিফ ট্রেডার্স। যে কাজের ব্যয় ধরা হয়েছে ৩ লক্ষ টাকা।
এ বিষয়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শাহানারা ফারভীন বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। স্থানীয়দের কিছু অভিযোগ সঠিক হতে পারে। তবে আমরা সরকারি নীতিমালা অনুসরণ করেই কাজ করছিলাম। স্থানীয়রা অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয়।”
তবে ঠিকাদার নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই।”
উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক জানান, “ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য। যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করে, তবে কোনো বিল প্রদান করা হবে না।”
এলাকাবাসী এই প্রকল্পে সঠিক নজরদারি ও মানসম্মত নির্মাণকাজ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রিয় চাঁদপুর ডেস্ক