চাঁদপুরের হাজীগঞ্জে একটি ভাড়া করা গোডাউনে অভিযান চালিয়ে ১২৬ বোতল বিদেশি মদ ও হুইস্কি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৭ জুলাই) রাত দেড় টায় এই অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও থানা পুলিশ। অভিযানটি পরিচালিত হয় চাঁদপুর জেলা পুলিশ সুপার আব্দুর রকিবের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুল কুমার ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, সেখানে ভাড়া করা একটি ঘরে অবৈধভাবে বিদেশি মদের গুদাম তৈরি করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গোডাউনের দায়িত্বে থাকা ব্যক্তি, সুবেদ চন্দ্র পাল পালিয়ে যায়।
সুবেদ চন্দ্র পাল কুমিল্লার বুড়িচং উপজেলার বিনন্দিয়ারচর গ্রামের বাসিন্দা। বর্তমানে সে হাজীগঞ্জের মকিমাবাদ এলাকায় বসবাস করছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার হওয়া মদের তালিকা:
১. ম্যাজিক মোমেন্ট গ্রেইন ভদকা (৩৭৫ মি.লি.) – ২৩ বোতল
২. এসি ব্ল্যাক হুইস্কি (৩৭৫ মি.লি.) – ১০ বোতল
৩. রয়্যাল গ্রিন হুইস্কি (৩৭৫ মি.লি.) – ১২ বোতল
৪. রয়্যাল স্ট্যাগ (৩৭৫ মি.লি.) – ১০ বোতল
৫. ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি (৩৭৫ মি.লি.) – ২৩ বোতল
৬. আইকনিক হোয়াইট হুইস্কি (৩৭৫ মি.লি.) – ৮ বোতল
৭. রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি (৩৭৫ মি.লি.) – ১ বোতল
৮. রয়্যাল গ্রিন হুইস্কি (৭৫০ মি.লি.) – ১২ বোতল
৯. সিগনেচার হুইস্কি (৭৫০ মি.লি.) – ৯ বোতল
১০. ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি (৭৫০ মি.লি.) – ১৮ বোতল
মোট উদ্ধার: ১২৬ বোতল। আনুমানিক বাজারমূল্য: ৫ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন ফারুক বলেন, “অবৈধ মদ মজুদের খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। আসামি পালিয়ে গেলেও তাকে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিনিধি