চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ ছায়াবাণী মোড়ে অবৈধভাবে গড়ে উঠা রেলওয়ের জায়গায় থাকা ১০ টি দোকান পৌরসভার অভিযানে উচ্ছেদ করা হয়েছে। একই সাথে কমিউনিটি পুলিশের কার্যালয়ের বাউন্ডারি দেওয়াল ভেঙ্গে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় পৌরসভাধীন প্রতাপসাহা-আলীম নতুন সড়ক নির্মানের জন্যে এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানায়। অভিযান পরিচালনা করেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। সঙ্গে ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও।
এ সময় উচ্ছেদ কার্যক্রমে বাধা দেয় চাঁদপুর রেলওয়ে কর্তৃপক্ষ। এতে পৌরসভা কর্মকর্তা ও রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হট্টগোলের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত দ্রুততার সঙ্গে উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হয়।
চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত কুমার বড়ুয়া জানান, সাবেক মেয়রের সময় ছায়াবানী রেলপথের পাশ দিয়ে নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। আগের প্রকল্পের অংশ হিসেবেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তাদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে এই উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে।

নিজস্ব প্রতিনিধি