শাহরাস্তি উপজেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরানপুর মানব উন্নয়ন সংস্থা চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে।
শনিবার (১৯ জুলাই ) বিকেল ৩টা থেকে ৭টা পর্যন্ত পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হয় এ বর্ষপূর্তি অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে সংস্থার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাঃ মোঃ সুমন মিয়া।
প্রচার সম্পাদক মোঃ পারভেজ হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক হুমায়ুন মাস্টার ও সমাজসেবক তাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার স্বেচ্ছাসেবকরা।
উল্লেখ্য, পরানপুর মানব উন্নয়ন সংস্থা বিগত চার বছর ধরে সমাজকল্যাণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি প্রতি দুই মাস অন্তর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে থাকে।

২০২৪ সালে সংস্থাটি প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করে, যেখানে প্রায় ১২০ জন শিক্ষার্থীর মধ্য থেকে ১৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এ বছর ২০২৫ সালে সেই কার্যক্রম আরও বড় পরিসরে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে।
আগামীতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

মোঃ মাসুদ রানা