প্রকাশের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ । ১০:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্ত্রী হত্যা মামলায় আ.লীগ নেতা এডভোকেট জহির কারাগারে

প্রিয় চাঁদপুর ডেস্ক

নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম মিজিকে স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি হত্যার মামলায় আবারো কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১)-এর বিচারক আমিরুল ইসলামের আদালতে মামলার চার্জের শুনানি ছিলো। অ্যাড. জহির চার্জের দিন পর্যন্তই জামিনে ছিলেন। চার্জ শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ জুন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জহিরুল ইসলামের স্ত্রী অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সি ষোলঘর পাকা মসজিদের দক্ষিণ পাশে নিজ বাসায় হত্যার শিকার হন। ওই ঘটনায় ফেন্সির ভাই মো. ফোরকান উদ্দিন খাঁন বাদী হয়ে ৫ জুন চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। ওই মামলায় অ্যাড. জহিরুল ইসলামসহ ৪জনকে এজাহারভুক্ত আসামী এবং অজ্ঞাতনামা আসামী করা হয়।

মামলার প্রধান আসামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন ৬ জুন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ওই মামলায় তারা কারাভোগ করে জামিনে মুক্ত হন। ওই সময় বিচারক অ্যাডভোকেট জহিরকে চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিন দেন। সোমবার চার্জ গঠন করে শুনানির দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এদিকে এই মামলাটির তদন্ত শেষে তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন ২০১৮ সালের ২৪ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুল ইসলাম মন্টু বলেন, আসামী জহিরুল ইসলাম চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিনে ছিলেন। আজকে (সোমবার) শুনানি হয়েছে। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটির সাক্ষ্য গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন