রাজধানীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই ডিবি পরিচয়ে একদল দুর্বৃত্ত লন্ডনফেরত একটি প্রবাসী পরিবারের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বনানী কবরস্থান এলাকায় এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বনানী থানার পুলিশ জানায়, প্রবাসী পরিবারের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, ডলার ও একটি আইফোন লুটে নেয় ছিনতাইকারীরা। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীরা বিমানবন্দর থেকেই ওই পরিবারটিকে লক্ষ্য করছিল। বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, ছিনতাইকারীরা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে মাইক্রোবাস থামায়। পুলিশের মতোই লাইট ব্যবহার করে গাড়ি থামানোর সংকেত দেয় তারা। পরে হঠাৎ করেই পরিবারের মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত সরে পড়ে।
ছিনতাইয়ের সময় পরিবারের সদস্যদের ভয়ভীতি ও জিম্মি করার অভিযোগও রয়েছে। ঘটনার পর থেকে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং এখনো পরিচয় প্রকাশে অনিচ্ছুক।

অনলাইন ডেস্ক