প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ । ১:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্র আন্দোলন নেতার বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে বিপুল পরিমাণ অর্থের চেক ও এফডিআর উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেলের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযুক্ত রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে ৪টি চেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকা এবং প্রায় ২০ লাখ টাকার এফডিআরের নথিপত্র উদ্ধার করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাতে পুলিশের একটি দল তার বাসায় অভিযান চালায় এবং এই অর্থনৈতিক দলিলগুলো জব্দ করে। এর আগে, ২৭ জুলাই বিকেলে রিয়াদসহ আরও কয়েকজনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে, তবে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার সূত্রপাত হয় ১৭ জুলাই, যখন রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু শাম্মী আহমেদের গুলশান-২ এর বাসায় গিয়ে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদা দাবি করেন। তারা প্রথম দফায় ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করে এবং ১৯ জুলাই আবার বাকি ৪০ লাখ টাকার জন্য বাসায় যায়।

সবশেষ ২৬ জুলাই ফের চাঁদা আদায়ের উদ্দেশ্যে ওই বাসায় গেলে পরিবারের সদস্যরা গুলশান থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে।

এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর ছয়জনকে আসামি করে গুলশান থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, চাঁদা না দিলে অভিযুক্তরা তাদের রাজনৈতিকভাবে হয়রানি ও গ্রেফতার করানোর হুমকি দিয়েছিল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন