প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ । ১১:৩০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধান শিক্ষক নেই ৫৬ স্কুলে, ব্যাহত পাঠদান

অনলাইন ডেস্ক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৬টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলেও, এতে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম—দুইই ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের পাশাপাশি আরও ২১টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। ফলে শিক্ষক সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।

একজন সহকারী শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। “দায়িত্ব পালনে একটি দিক ঠিক রাখলে অন্যদিকে ঘাটতি থেকেই যাচ্ছে,” বলেন তিনি।

এ অবস্থায় অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী এই স্তরে যদি এমন ঘাটতি থাকে, তাহলে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তাই দ্রুত শূন্য পদে নিয়োগ দিয়ে সংকট নিরসনের দাবি তাদের।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, “৫৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ২১টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে সাময়িকভাবে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।” তিনি জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এবং অচিরেই পদগুলো পূরণের আশাবাদ ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন