প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫ । ৯:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সন্তানদের আন্দোলনে পাঠিয়ে যে ত্যাগ, তা ভুলার নয় : ডিসি মোহসীন

নিজস্ব প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালন উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’–এর অংশ হিসেবে চাঁদপুরে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে ‘মাদারস অফ জুলাই’ শীর্ষক একটি হৃদয়স্পর্শী ডকুমেন্টারি উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী। ডকুমেন্টারিতে জুলাইয়ের মায়েদের আত্মত্যাগ, স্মৃতি ও প্রেরণাদায়ক কথাগুলো উঠে আসে। প্রদর্শন শেষে অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, “মায়েদের মধ্যে এক ধরনের সম্মোহনী শক্তি থাকে। সেই শক্তি দিয়েই তাঁরা সন্তানদের আন্দোলনের জন্য তৈরি করেছেন। যদি মায়েরা না চাইতেন, তাহলে সন্তানরা রাস্তায় নামতে পারতো না। কিন্তু দেশমাতৃকার টানে তাঁরাই সন্তানদের পাঠিয়েছেন। এই ত্যাগ কখনোই ভুলে যাওয়া যাবে না। মায়েরা সন্তানদের আন্দোলনে পাঠিয়ে যে সাহস দেখিয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।”
তিনি আরও বলেন, “আজকের মেয়েরা যেন নিরাপদে সমাজে চলাফেরা করতে পারে, তারা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার না হয়—সে বিষয়ে আমরা সবাইকে সচেতন থাকতে হবে। মেয়েদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর বেগম।
সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
সভাপতির বক্তব্যের পর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাসসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জুলাই মায়েরা এবং সম্মুখযোদ্ধারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া খাতুন।
জুলাই মায়েদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সম্মুখসারির শিক্ষার্থী যোদ্ধা নাজমুন্নাহার, সানজিদা আক্তার সাঞ্জু ও মরিয়ম মাহী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন