শাহরাস্তি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন প্রশাসন ক্যাডারের ৩৮তম বিসিএস কর্মকর্তা হিল্লোল চাকমা।
সম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি হওয়া একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি-পদায়ন কার্যকর করা হয়।
এর আগে তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ভূমি অফিসে একই পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের মে মাসে ওই পদে যোগদানের পর থেকেই মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রেখে আসেন। তাঁর কর্মদক্ষতা ও সৃজনশীলতা তাঁকে মাঠপর্যায়ে একজন উদ্যমী ও পরিচিত কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এবার নতুন দায়িত্বে শাহরাস্তিতে যোগদানের পর হিল্লোল চাকমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ। তাঁরা আশা করছেন, জমি রেজিস্ট্রেশন, নামজারি, পর্চা, খতিয়ান ও জরিপ সংক্রান্ত নানা জটিলতায় ভোগা জনসাধারণের ভোগান্তি নিরসনে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
প্রাপ্ত প্রজ্ঞাপন অনুযায়ী, হিল্লোল চাকমার নিজ জেলা রাঙামাটি এবং তাঁর স্ত্রীর জেলা খাগড়াছড়ি—যা তাঁর পার্বত্য পটভূমি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে। প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীলতা স্থানীয় প্রশাসনে নতুন গতি আনবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, এর আগে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। তিনি ও তার কর্মময় সময় অত্র উপজেলায় সুনামের সহিত প্রশাসনিক দায়িত্ব পরিপালন করেন। ইতোমধ্যে মাঠ প্রশাসনে এসিল্যান্ডের দায়িত্ব পালন শেষে তিনি সরকারি প্রজ্ঞাপনের আলোকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করবেন।

মোঃ মাসুদ রানা