প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ৮:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিনিধি
গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফতে মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।‌
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড থেকে এই বিজয় র‍্যালী বের হয়। র‍্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে এসে শেষ হয়। র‍্যালীতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, দলীয় প্রতীক এবং বিভিন্ন স্লোগান সম্মিলিত ব্যানার ফেস্টুন দেখা গেছে।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি লিয়াকত হোসাইন।
সংগঠনের চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকী, আবুল বাসার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ নেয়ামত হোসেন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক আবু হুরায়রা ও শহর শাখার সহ-সভাপতি আব্দুর রহমান।
সভাপতির বক্তব্যে মাওলানা লিয়াকত হোসাইন বলেন, স্বৈরাচার, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ধরে দেশকে দুঃশাসন, জুলুম ও ভোটহীনতার রাজত্বে নিমজ্জিত করে রেখেছিলো। তার নির্যাতন নিপীড়ন থেকে এদেশের গরিব মেহনতী মানুষ থেকে শুরু করে আলেম-ওলামারাও রক্ষা পায়নি। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে। নতুনভাবে বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হয়েছে।
তিনি বলেন, সরকার পতনের পর মানুষ যখন একটু স্বস্তি আশা করেছিল, তখনই আরেকটি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা গোষ্ঠী নতুন রূপে আবির্ভূত হয়েছে। তারাও আবার নতুন করে সাধারণ মানুষকে জিম্মি করে লুটপাটে নেমেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কেউ যদি শেখ হাসিনার মতো অন্যায়কারী, গণবিরোধী, ফ্যাসিস্ট আচরণ করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধেও রাজপথে প্রতিবাদ গড়ে তোলা হবে। তাদেরও ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, খেলাফতে মজলিস বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা পালন করে আসছে। দলটি কখনো কোনো সরকারের পদলেহন করেনি, বরং সত্য ও ইনসাফের কথা বলেই রাজনীতি করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে যখন কেউ সাহস করে উচ্চকণ্ঠে কথা বলেনি, তখনও খেলাফতে মজলিস রাজপথে ছিল, এখনও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাফতে মজলিস শুধু রাজনৈতিক দল নয়, এটা একটি আদর্শিক সংগ্রাম, যা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামি সমাজব্যবস্থা কায়েমের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, যুব মজলিসের জেলা প্রচার সম্পাদ মাওলানা হামিম। বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা সভাপতি মাওলানা তারেক হাসান, জেলা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ। র‍্যালিতে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন