গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ র্যালিটি উপজেলার দোয়াভাঙ্গা এলাকা থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হয়ে উপজেলা কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। ওইসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশ নেন।
র্যালিতে বিশেষ আকর্ষণ ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী অবয়ব নিয়ে একটি নাট্য উপস্থাপনা, যাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সামিয়া ইসলাম ইভা।
সমাপনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চাঁদপুর-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. কামাল উদ্দিন বলেন, “২৪-এর গণ-অভ্যুত্থানে ছাত্র, জনতা ও রাজনৈতিক শক্তির বিজয়ে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে। যারা আত্মত্যাগ করে এই অর্জনে ভূমিকা রেখেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশবাসীর মধ্যে যে প্রত্যাশা জাগ্রত হয়েছে, তা রক্ষা করতে হবে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি অপশক্তি গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করার ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
ব্যারিস্টার কামাল উদ্দিন বলেন, “এই বিজয় র্যালি প্রমাণ করে, জনগণ বিএনপির সঙ্গেই আছে। গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথেই ঐক্যবদ্ধ আন্দোলন এখন সময়ের দাবি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদ হোসেন মোল্লা, যুবনেতা ফরহাদ মামুন, পৌর বিএনপি সভাপতি আবুল খায়ের সিএ, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন মিয়াজি, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল সোহেল, যুবদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জুয়েল ও বিএনপি নেতা সৈয়দ আহমেদ দুলাল।বক্তারা বলেন, “ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক পরিবর্তনের জন্য গণজাগরণের বিকল্প নেই। আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

অনলাইন ডেস্ক