মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়নজনিত কারণে বিদায় নিতে যাওয়া শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানাকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক ও সমাজকল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও পঞ্চনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নিগার সুলতানা তাঁর দায়িত্বপালনকালীন সময়ের নানা স্মৃতিচারণ করেন এবং শাহরাস্তির জনসাধারণ ও শিক্ষক সমাজের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “শাহরাস্তির মানুষ যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছে, তা আমি চিরকাল মনে রাখব। শিক্ষক সমাজই একটি জাতির ভিত্তি গড়ে তোলে। আপনারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তুললে আগামী প্রজন্ম দেশ ও সমাজকে এগিয়ে নেবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সমিতির যুগ্ম সম্পাদক মোঃ আক্তার হোসেন, ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া এবং চিতোষী আর অ্যান্ড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সমিতির সহ-সভাপতি ও ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ মেজবাহ উদ্দিন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি।
বক্তারা তাঁদের বক্তব্যে ইউএনও নিগার সুলতানার দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, সততা, মানবিকতা ও কর্মনিষ্ঠতার ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও-কে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানসহ শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা