প্রকাশের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ । ১০:১২ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা স্বামীর!

অনলাইন ডেস্ক

শেরপুরের শ্রীবরদী উপজেলায় স্বামীর বিরুদ্ধে অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে মো. খলিলুর রহমানের (৮০) স্ত্রী খোশেদা বেগম। বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে স্ত্রী খোশেদা বেগমকে (৭০) ঘর থেকে টেনে উঠানে নিয়ে আসেন। এ সময় কোদাল দিয়ে গর্ত খুঁড়ে তার গায়ে মাটি চাপা দিতে থাকেন। এ ছাড়া, তাকে লাঠি দিয়ে আঘাত করতেও দেখা যায়। এ সময় তার নাতি মো. খোকন (১৯) ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়।

বিষয়টি নিশ্চত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক টিম পাঠিয়েছি। স্থানীয়রা জানিয়েছেন তারা বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করেছেন। তারপরও লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, আমি ভিডিওটি দেখেছি। বিষয়টি সত্যিই মর্মান্তিক। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন