শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির চিতোষী বাজারে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট- ২০২৫) সকাল ১১টায় কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসক, চাঁদপুরের নির্দেশনায় প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, নামজারি, জমা খারিজ (সার্ভে), জমির নকশা প্রদানসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত আবেদন ও পরামর্শ সেবা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন— “ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালুর মাধ্যমে এখন থেকে মানুষকে ভূমি অফিসে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। এখানে তারা দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত সেবা পাবেন। এটি জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার একটি যুগান্তকারী উদ্যোগ।”
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকদের মতে, কেন্দ্রটি চালুর ফলে ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন এবং জনভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউএনও কেন্দ্রের সেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

মোঃ মাসুদ রানা