প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ । ৯:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে বিডি ক্লিনের সদস্য সংগ্রহ ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো বিডি ক্লিন হাজীগঞ্জের সদস্য যোগদান ও পরিচ্ছন্নতা সচেতনতা ক্যাম্পেইন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাসরুমে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

ক্যাম্পেইনের নেতৃত্ব দেন সংগঠনের সদস্য ফয়সাল আমিন, জাহিদুল ইসলাম ও শাহরিয়ার ফাহিম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ আবু সাঈদ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “যেখানে-সেখানে ময়লা ফেলা খারাপ অভ্যাস। ক্লাসরুম ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা ইমানের অংশ।”

পরিচ্ছন্নতা ব্রিফিংয়ে শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসরুম, বাড়ির আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ববোধ থেকে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বিডি ক্লিনের সদস্যরা জানান, দেশের ৬৪ জেলায় ৪৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করছে সংগঠনটি। হাজীগঞ্জ ইউনিট গঠনের পর থেকে তারা বাজার, রাস্তাঘাট, খেলার মাঠ ও সরকারি-বেসরকারি স্থাপনায় একাধিক পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। সদস্যদের মতে, স্কুল-কলেজ পর্যায় থেকেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করা গেলে প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে।

স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা মনে করছেন, এ ধরনের নিয়মিত কার্যক্রম শিক্ষার্থীদের শুধু পরিচ্ছন্নতার অভ্যাসই গড়ে তুলবে না, বরং তাদের সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের ক্ষমতাও বাড়াবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন