প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ । ১১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে মহানবী (সাঃ) কে কটুক্তি করায় যুবকের ঘর পুড়িয়ে দিল জনতা

মোজাম্মেল প্রধান হাসিব

চাঁদপুরের মতলব দক্ষিণে মেহেদী হাসান অনন্ত নামের এক প্রবাসী যুবক তার নিজের ফেসবুক আইডিতে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তার বসতঘর ভেঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট-২০২৫) বিকেলে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের উত্তর নাগদা বকাউল বাড়িতে এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কটুক্তিকারী মেহেদী হাসান অনন্তের আগুনে পুড়িয়ে দেওয়া ঘরটি রক্ষার চেষ্টা করেন।

মেহেদী হাসান অনন্ত ওই এলাকার আব্দুর রব বকাউলের ছেলে। সে ২০২২ সালের অক্টোবরে স্টুডেন্ট ভিসায় বেলজিয়ামে যায়। পরে সেখানে এক তরুণীকে বিয়ে করে ওই দেশের নাগরিকত্ব নিয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, বেলজিয়াম প্রবাসী মেহেদী হাসান অনন্ত তার নিজ ফেইসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (স.) কে কটুক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে গত রবিবার (১৭ আগস্ট) স্ট্যাটাস দেয়। তার ফেইসবুক পোস্ট দেখে স্থানীয় এলাকার ইসলাম প্রিয় তৌহিদী জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ ঘটনার প্রতিবাদে মতলব দক্ষিণ উপজেলা ইমাম উলামা ঐক্য পরিষদ খাদেরগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার নাগদা আল ইকরা নূরানী ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শুরুর পূর্বে বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী এবং তৌহিদী জনতা মেহেদী হাসান অনন্তের বাড়িতে গিয়ে তার বসতঘর ভেঙ্গে আগুন ধরিয়ে দেয়। পরে নাগদা আল ইকরা নূরানী ক্যাডেট মাদ্রাসা মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউনিয়ন ইমাম উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, নারয়ণপুর পৌর শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, খাদেরগাঁও ইউনিয়ন শাখার কোষাধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, মানববন্ধন কর্মসূচির বিষয়টি আমরা অবগত ছিলাম। পরবর্তীতে বিক্ষুব্ধ তৌহিদী জনতা কটুক্তিকারী মেহেদী হাসানের বসতঘর ভাংচুরের বিষয়টি জেনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

এদিকে মহানবীকে নিয়ে কটুক্তিকারী মেহেদি হাসান অনন্তের বিরুদ্ধে প্রতিবাদের সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

এসময় তিনি বলেন, আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে মন্তব্যকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। তবে তার অপরাধের জন্য তার বাড়িঘরে হামলা ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া ঠিক নয়।সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রতিবাদ করতে হবে।

আপনারা তার বিরুদ্ধে অভিযোগ বা স্মারকলিপি প্রদান করুন, আমরা তার বিরুদ্ধে তদন্তপূর্বক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিব। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা সহ স্থানীয় এলাকাবাসী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন