চাঁদপুরের হাজীগঞ্জে ঘরের ভেতর লুকোচুরি খেলার সময় সাপের কামড়ে নাঈম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) দিনগত রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর হাজী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নাঈম ওই বাড়ির আবু মুছার কনিষ্ঠ সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মামা-ভাগিনা লুকোচুরি খেলছিলো। খাটের নিচে লুকাতে গিয়ে ছোট একটি গর্তের মুখে হাত দিলে নাঈমের হাতের তালুতে হঠাৎ কামড় দেয় লুকানো সাপ। আহত অবস্থায় সে ঘরে উঠে এসে ঘটনাটি মাকে জানায়।
এ সময় হাতে ছোট একটি ছিদ্র ও রক্ত বের হতে দেখে পরিবার কবিরাজের কাছে নিয়ে যায়। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শিশুটি মারা যায়।
নাঈমের বাবা আবু মুছা অভিযোগ করে বলেন, “আমি খবর পেয়ে দ্রুত ছেলেকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে দুইটি ইনজেকশন কিনে দিয়ে চিকিৎসকরা স্যাম্পল নেন। কিছু সময় পর ছেলেকে বেডে ভর্তি করানো হয়। রাত সাড়ে ১০টার দিকে ছেলেটি ছটফট শুরু করলে হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। এর কিছুক্ষণ পরেই হাসপাতালের বেডে আমার সন্তান মারা যায়। আমি নিশ্চিত, অবহেলার কারণেই আমার ছেলেটা মারা গেছে।”
প্রতিবেশী বাবলু বলেন, “একটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত।”
স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন মেম্বার জানান, রবিবার (২৪ আগস্ট) বাদ জোহর জানাজা শেষে নাঈমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মেহেদি হাসান রিমেল