চাঁদপুরের হাজীগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো এক তরুণের প্রাণ, আরেক তরুণ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর দক্ষিণপাড়ে, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটে এ দুর্ঘটনা।
নিহত তরুণ হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বলাখালের সঞ্জু সাহার ছেলে সাগর সাহা (২০) ঘটনাস্থলেই প্রাণ হারান।
আহত তরুণ একই এলাকার বলাখাল বাজারের ফার্নিচার ব্যবসায়ী ইমরান মিয়ার ছেলে মো. ইজাজ (২৬) গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত সাড়ে ১০টার দিকে রামগঞ্জ থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে হাজীগঞ্জগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ঈমান হোসেন জানান, “মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে কাভার্ড ভ্যানের এক পাশে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়, ইজাজকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।”
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করে।
থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একই এলাকার দুই তরুণের এই মর্মান্তিক দুর্ঘটনায় বলাখাল এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত সাগরের পরিবার বাকরুদ্ধ, আর ইজাজের সুস্থতার জন্য প্রার্থনা করছেন স্বজন-প্রতিবেশীরা।
এই দুর্ঘটনা আবারও প্রমাণ করলো বেপরোয়া গতি আর ওভারটেক কতটা ভয়ংকর হতে পারে। এক মুহূর্তের অসাবধানতায় ঝরে যায় তরতাজা প্রাণ, ভেঙে যায় কত পরিবার।

নিজস্ব প্রতিনিধি