চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডের সাহেব বাজার ভাটনিখোলা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। খানাখন্দে ভরা এ রাস্তায় স্থানীয়দের প্রতিদিন যাতায়াতে ভোগান্তির সীমা ছিল না। হেঁটে চলা থেকে শুরু করে রিকশা, ভ্যান, এমনকি জরুরি রোগী পরিবহনেও নাজুক অবস্থার কারণে বারবার সমস্যায় পড়তে হতো এলাকাবাসীকে।
এ অবস্থায় সরকারি বরাদ্দ বা প্রকল্পের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ হাতে নেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও জিয়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি। পুরো কাজের ব্যয়ভার বহন করেন তিনি নিজেই। পাশাপাশি জিয়া স্পোর্টিং ক্লাবের সদস্যরা স্বেচ্ছাশ্রমে মেরামত কাজে অংশ নেন।
স্থানীয়দের ভাষ্য, “আমরা ভেবেছিলাম এই রাস্তা হয়তো আরও অনেক বছর অযত্নেই পড়ে থাকবে। কিন্তু ফারুক ভাই আমাদের অবাক করে দিলেন। তিনি নিজ খরচে রাস্তা মেরামত করলেন, যা আজকের দিনে বিরল দৃষ্টান্ত।”
রাস্তাটি সংস্কার হওয়ায় এখন মানুষের স্বস্তি ফিরে এসেছে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে স্কুলে যাচ্ছে, রোগী পরিবহনে ঝুঁকি কমেছে, আর বাজারে আসা-যাওয়াও হচ্ছে সহজে।
এলাকাবাসীর মতে, এটি শুধু একটি রাস্তা সংস্কার নয়; বরং একজন রাজনৈতিক নেতার ভিন্নধর্মী উদ্যোগের প্রতিফলন। “রাজনীতি মানে শুধুই ক্ষমতার প্রতিযোগিতা নয়, মানুষের জন্য কাজ করাও রাজনীতি,”—এমন মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা।
ফারুক হোসেন মিয়াজির এই উদ্যোগ বর্তমানে শাহরাস্তি জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই আশা করছেন, তার দেখানো দৃষ্টান্ত অনুসরণ করে অন্য নেতারাও এলাকার উন্নয়নে নিজ উদ্যোগে এগিয়ে আসবেন।

রাফিউ হাসান হামজা