প্রকাশের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ছিনতাইকারী চক্রের নারী সদস্য আটক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় এক ছিনতাইকারী চক্রের নারী সদস্য আটক করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলা সদর দক্ষিণ ইউনিয়নের কচুয়া-সাচার সড়কের ঘাগড়া গ্রাম থেকে মোসা:মায়ানুর নামে নারী ছিনতাইকারী চক্রের সদস্যকে স্থানীয়রা ধরে কচুয়া থানার পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের ৪৬ নং আকানিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরিফা সুলতানা (০৮) প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বিদ্যালয়ের বাথরুমে প্রবেশ করেন।

বাথরুমের পাশে লুকিয়ে থাকা মোসা: মায়ানুর নামে ছিনতাইকারী চক্রের সদস্য শিক্ষার্থী আরিফা সুলতানার মুখ এবং হাত ওড়না দ্বারা বেঁধে তার কানের স্বর্ণের দুল নিয়ে যায় এবং বাথরুমের দরজার সিটকানি বাহির থেকে আটকে দেয়।

পরে ওই শিক্ষার্থীর ডাক চিৎকার শুনে বিদ্যালয়ের দপ্তরি আব্দুল কাদের বাথরুম থেকে শিক্ষার্থীকে উদ্ধার করতে গেলে ওই ছিনতাইকারী সদস্য দ্রুত বিদ্যালয় গেট দিয়ে বের হয়ে চলে যেতে দেখতে পায়। প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমানকে বিষয়টি অবগত করলে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয় লোকজন ছিনতাইকারীকে ঘাগড়া গ্রাম থেকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

ওই ছিনতাইকারী চক্রের সদস্য মোসা: মায়ানুর (২৪) কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামের হাজী বাড়ির রুহুল আমিন স্ত্রী।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমান বলেন, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আরিফা সুলতানা বাথরুমে গেলে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারী দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবগত করলে বিদ্যালয়ে এসে দেখি ওই ছিনতাইকারী চক্রের সদস্যকে স্থানীয়রা আটক করে রাখেন।

পরে পুলিশে এসে ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়। বিদ্যালয় শিক্ষার্থী ও অন্যান্য নিরাপত্তার স্বার্থে বিদ্যালয় প্রধান গেটসহ চতুর্দিকে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের অফিস কক্ষটি দোতলায় থেকে নিচ তলায় আনার জন্য বলা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, মোসা: মায়ানুর নামে ছিনতাইকারীর চক্রের সদস্যের অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন