শাহরাস্তির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহের ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটওয়ারী রুপন।
তিনি বলেন,“মেহের ডিগ্রি কলেজ শুধু শিক্ষার আলো ছড়াচ্ছে না, বরং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নতুন প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে সুশিক্ষায় আলোকিত হতে হবে।”এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাস উদ্বোধন করেন কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য মোঃ আয়েত আলী ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক আচার-আচরণ বজায় রাখতে হবে। অভাব কোনো বিষয় নয়, অধ্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব। সহকারী শিক্ষক নাছিমা আক্তার চৌধুরীরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
তাঁর বক্তব্যে বলেন,“শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীলতার বিকাশে কলেজের শিক্ষকরা সর্বদা কাজ করে যাবেন। নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করলেই সাফল্য অর্জন সম্ভব।”এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য ইকবাল হোসেন, অভিভাবক সদস্য গাজী কবির হোসেন, কলেজের উপাধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরী, শিক্ষক প্রতিনিধি ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক রাহুল তারুন, যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণিসহ সকল শিক্ষক- শিক্ষিকা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সুমাইয়া এবং গীতা পাঠ করেন অনামিকা রানী গীতা। নতুন শিক্ষার্থী সামিয়া তাবাসসুম এলমা নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে নতুন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা স্টিক দিয়ে বরণ করা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং সবার জন্য ভোজের আয়োজন করা হয়।
এ বছর মেহের ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে মোট ২৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। নবীনবরণ ও অরিয়েন্টেশন শেষে আনুষ্ঠানিকভাবে ক্লাস কার্যক্রম শুরু হয়।

মোঃ মাসুদ রানা