শাহরাস্তি পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও মেহের ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মোঃ রফিকুল ইসলাম পোদ্দার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে নিজ বাড়ি কালিয়াপাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সূয়াপাড়া কালিয়াপাড়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন ঢাকার শিশু হাসপাতালে কর্মরত হাফেজ ডাঃ রায়হান ফয়সাল, যিনি মরহুমের জামাতা। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে বক্তব্য রাখেন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা মোস্তফা কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপি সভাপতি সিএ খায়ের, সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, পৌর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম, মরহুমের বড় ভাই নজরুল ইসলাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্র জীবন থেকেই রফিকুল ইসলাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
নব্বইয়ের দশকে মেহের ডিগ্রি কলেজ ছাত্র সংসদে এজিএস নির্বাচিত হয়ে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে শাহরাস্তি পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান হেডমাস্টারের হাত ধরে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। আজীবন তিনি বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, রফিকুল ইসলাম ছিলেন জনপ্রিয় রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী। তার অকাল মৃত্যু শাহরাস্তির রাজনৈতিক অঙ্গন ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এছাড়া মেহের ডিগ্রি কলেজ পরিবারও গভীর শোক প্রকাশ করেছে। তাদের মতে, সাবেক এজিএস হিসেবে ছাত্রদের অধিকার আদায়ে ও শিক্ষার উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও একমাত্র কন্যা যিনি চিকিৎসক রেখে গেছেন। জানাজায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা