শাহরাস্তি থানা পুলিশ পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তির টামটা দক্ষিণ ইউপির রাঢ়া গ্রামের মুন্সী বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশের রাস্তা থেকে রাকিব হোসেন আল আমীন (২৭) কে আটক করা হয়। তার বাড়ি রাঢ়া ভূঁইয়া বাড়িতে। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-১৫, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৫) দায়ের করা হয়।
অন্যদিকে একই দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের নিজ মেহের এলাকার জইন উদ্দিনের নার্সারির ভেতর থেকে আরও এক মাদক কারবারি মোঃ মাসুদ আলম (৩৮) কে গ্রেফতার করে পুলিশ। তিনি মৃত কোরবান আলীর ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাকিব হোসেন আল আমীন স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করতেন। এতে করে তিনি যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিলেন।
অভিযান পরিচালনা করেন শাহরাস্তি থানার এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ। এ অভিযানের সার্বিক তত্ত্বাবধান করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)।

মোঃ মাসুদ রানা