চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ শুভ সূচনা করেছে শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে শাহরাস্তি উপজেলা ১-০ গোলে হাইমচর উপজেলাকে পরাজিত করে। খেলায় ম্যান অব দি ম্যাচ হয় শাহরাস্তি একাদশের গোলকিপার মোঃ মিলন।
প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। ওই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
তিনি বলেন, “খেলাধুলা তরুণদের সঠিক পথে পরিচালিত করে এবং নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করে। এই টুর্নামেন্ট তরুণদের মধ্যে সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টিতে সহায়ক হবে।”

আজকের খেলায় জয়ের প্রতিক্রিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “আমরা শাহরাস্তি উপজেলা দলের এই জয়ে গর্বিত। এটি কেবল একটি খেলা নয়, এটি আমাদের তরুণদের প্রতিভার প্রতিফলন। আশা করি, তারা টুর্নামেন্টে আরও ভালো করবে।”
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্য বলেন, খেলাধুলা ও সংস্কৃতিকে একটি জাতির পরিচিতির হাতিয়ার। খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও অবক্ষয় থেকে দূরে রাখে। জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি চাঁদপুরের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ ও দেশ গড়ার অনুপ্রেরণা জোগাবে।” ওই সময় জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা এবং চাঁদপুরের আট উপজেলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফুটবল উৎসবের সূচনা হয়। এ বছরের স্লোগান— “তারুণ্যের উৎসব, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।”
টুর্নামেন্টে চাঁদপুর জেলার আটটি উপজেলা অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ উপজেলার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় দর্শকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শাহরাস্তি একাদশ ফরিদগঞ্জ একাদশের মুখোমুখি হবে।

মোঃ মাসুদ রানা