প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মানসিক ভারসাম্যহীন তরুণীর সন্তান প্রসব, বাবা কে?

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে এক মানসিক ভারসাম্যহীন তরুণী (২৫) মৃত নবজাতকের জন্ম দিয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউপির নালিয়াপাড়া পুটিয়া গ্রামের সিএনজি চালক আব্দুর রশিদের বাড়িতে প্রসব ব্যথা ওঠায় সেখানে আশ্রয় নেন। পরে সন্ধ্যা ৬টার দিকে ওই তরুণী মৃত শিশু প্রসব করেন। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।
এ খবর পেয়ে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণী ও নবজাতককে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. মো. আছিবুল আহসান চৌধুরীর তত্ত্বাবধানে শিশুটির ময়নাতদন্ত শেষে ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়। পরবর্তীতে আঞ্জুমান মফিদুল ইসলামের এর খাদেম মেহেদী হাসানকে মৃতদেহ কবরস্থ করার জন্য বুঝিয়ে দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী নিজের নাম-পরিচয় বলতে সক্ষম নন। জিজ্ঞাসাবাদে তিনি শুধু ‘আসকারা’ শব্দটি উচ্চারণ করেন। ফলে তার পরিচয় সনাক্তে সোশ্যাল মিডিয়ায় স্থানীয়রা ঘটনাটি প্রচার করেছে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবুল বাশার জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে অজ্ঞাত ওই তরুণীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মৃত শিশুর ঘটনায় থানায় ইউডি মামলা (নম্বর: ০৪/২৯, তারিখ: ২৩.০৯.২৫) রুজু হয়েছে।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আকলিমা জাহান বলেন, “তরুণীকে হাসপাতালে আনার সময় নবজাতককে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে আমরা ওই তরুণীর চিকিৎসার ব্যবস্থা করেছি।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন