শাহরাস্তিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা উপজেলা, জেলা ও আঞ্চলিক স্তর পেরিয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। তারেই ধারাবাহিকতায় খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, দলবদ্ধতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ওইদিন প্রতিযোগিতা শেষে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ফুটবল ফাইনালে চিতোষী আর এন্ড উচ্চ বিদ্যালয় প্রতিপক্ষ ইছাপুরা উচ্চ বিদ্যালয়কে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা দেখতে মাঠে ছিল উপচেপড়া দর্শকের ভিড়, শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো খেলা মাঠ।
এছাড়া ওই স্কুল পর্যায়ে মৌসুমী খেলায় সাঁতার, হ্যান্ডবল, দাবা ও কাবাডিতেও জমজমাট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ফুটবলের পাশাপাশি সাঁতার (মুক্ত, বাটারফ্লাই, ব্রেস্ট, ব্যাকস্ট্রোক, রিলে ইভেন্ট), হ্যান্ডবল, দাবা ও কাবাডিসহ নানা খেলায় শিক্ষার্থীরা অংশ নেয়। শাহরাস্তি উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসা মিলে মোট ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—“শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুস্থ দেহ গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলাই সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে।”
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার পিপিএম বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান, মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ আঃ রহিম, সাধারণ সম্পাদক মেঃ জসীমউদ্দিন এমএসসি, নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযাদ হোসেন, শিক্ষক নেতা আক্তার হোসেনসহ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাহরাস্তির এ আয়োজন শিক্ষার্থীদের স্থানীয় পর্যায়ে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

মোঃ মাসুদ রানা