হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, চাঁদপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন পূজা মন্ডপ পরিদর্শন ও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুরান বাজার হরিসভা মন্দির পরিদর্শন শেষে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি এই মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, আমি মনে করি আমাদের দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই। এখানে কারা সংখ্যাগুরু আর কারা সংখ্যালঘু সেটা দেখার বিষয় নয়।
আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাঙালি। এদেশের সকল ধর্মের মানুষের সকল বিষয়ে সমান অধিকার রয়েছে। আর ইসলাম সেটাই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের চাঁদপুরে ধর্মীয় সম্প্রীতির শত বছরের ইতিহাস ঐতিহ্য রয়েছে। তাই আমরা সকলে মিলে সম্প্রীতির এই ঐতিহ্য রক্ষা করব ইনশাআল্লাহ।
চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষচন্দ্র রায় বলেন, আমরা চাঁদপুরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে দীর্ঘদিন ভাই ভাইয়ের মতো বসবাস করে আসছি। বিগত দিনে আমাদের মধ্যে কোন বিভেদ ছিল না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও সেটি হতে দেওয়া হবে না। তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোপাগান্ডা ও গুজব ছড়ানো হয়। সেগুলো থেকে বাঁচতে আমরা মনে করি ছোটখাটো কোন বিচ্ছিন্ন ঘটনায় আমরা যেন ফেসবুক নির্ভর না হই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবুল বাশার তালুকদার, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, পৌর ইসলামী আন্দোলনের সেক্রেটারী মোহাম্মদ শরিফ মৃধা, পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার।
এছাড়াও জেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি