চাঁদপুরের উত্তর মতলব উপজেলার ফরাইজিকান্দি এলাকা থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় ফরাইজিকান্দি এলাকার একটি নির্জন স্থান থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
আর্মি সূত্র জানায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার করা গ্রেনেডটি আইনি প্রক্রিয়ার জন্য নিরাপদে উত্তর মতলব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গ্রেনেডের বিষয়ে তদন্ত চলছে। কে বা কারা এটি সেখানে রেখেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিনিধি