প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রেজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ কালিরবাজারগামী সড়কে ভূঁইয়া বাড়ির পাশের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাজার করতে যাওয়ার পথে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে রেজিয়া বেগম সড়কে পড়ে যান।
এ সময় গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। পরে অটোরিকশার চালক দ্রুত গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রেজিয়া বেগম ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়ির মৃত আলি আহমেদের স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন।
নিহতের ছোট ছেলে কাউসার বলেন, “আমার বাবা প্রায় ১৮ বছর আগে মারা গেছেন। মা এই এলাকায় কেউ মারা গেলে নারীদেহ গোসল করানোর কাজ করতেন। আজ বিকেলে নিজের প্রয়োজনে কালিরবাজারে কেনাকাটা করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। তবে এ ঘটনায় আমাদের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই মায়ের মরদেহ আমরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছি।”
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম জানান, মেডিক্যাল থেকে আমাদের বিষয়টি অবহিত করা হয়েছে। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন