শাহরাস্তিতে শারদীয় দুর্গাপূজা-১৪৩২ বঙ্গাব্দ (২০২৫) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামন্ডপ গুলো পরিদর্শন করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন একাধিক পূজামন্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় ইউএনও বলেন,”শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং প্রতিমা বিসর্জনসহ সব আয়োজনে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করা হবে।
পাশাপাশি মন্ডপ সংশ্লিষ্টদের প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার জরুরি নম্বর সংগ্রহ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”পরিদর্শনকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুনসহ বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।
প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর শাহরাস্তি উপজেলায় মোট ১৯টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পৌরসভায় ৯টি এবং উপজেলার ১০ ইউনিয়নে ১০টি পূজামন্ডপ স্থাপন করা হয়েছে।
ওই সময় ইউএনও নাজিয়া হোসেন, নিজমেহার দক্ষিণ পাড়া পূজা মন্ডপ, ছিখটিয়া কবিরাজবাড়ি, ছিখটিয়া ঠাকুরবাড়ি, পালপাড়া পূজা মন্ডল,নাওড়া ঠাকুর বাড়ি ও বরুলিয়া পঁতিচো সর্বজনীন পূজা মন্ডপ ঘুরে দেখেন।সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আগামী ২ অক্টোবর মহাবিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
উল্লেখ্য, এ বছর শাহরাস্তির ১৯টি পূজামন্ডপ হলো—মেহের কালীবাড়ী, পালপাড়া পূজা মন্ডল, নিজমেহার দঃ পাড়া, ছিখটিয়া ঠাকুরবাড়ি, ঘোষপাড়া, পুরোহিতবাড়ী, সাহাপুর চৌধুরী বাড়ী, নাওড়া ঠাকুরবাড়ী, কুলশী ঠাকুরবাড়ী, নাহারা ভৌমিকবাড়ী, জগবন্ধু সাধুরবাড়ী, পালবাড়ী, প্রসন্নপুর, খিতারপাড়, নুনিয়া দত্তবাড়ী, অধিকারী বাড়ী, মজুমদার বাড়ী, ছিখটিয়া কবিরাজবাড়ী ও বরুলিয়া পঁতিচো সর্বজনীন পূজা মন্ডপ।
এসময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার (পিপিএম বার), সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল ইসহাক, উপজেলা প্রোগ্রামার মোঃ শাহাজান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্য ও এলাকার বিশিষ্টজনরা।

মোঃ মাসুদ রানা