চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাঁদপুর-২ নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ শুক্কুর পাটোয়ারী।
বুধবার (১ অক্টোবর-২০২৫ ইং) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির এই নেতা মতলব বাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির, পশ্চিম বাইশপুর মন্দির, উপজেলার নারায়ণপুর কালীবাড়ি মন্দির, চৌধুরী বাড়ি মন্দির, ঠাকুর বাড়ি মন্দিরসহ নায়েরগাঁও সুনীল দাস বাড়ির পূজামন্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে শুক্কুর পাটোয়ারী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা যেন আপনাদের পূজা মণ্ডপে গিয়ে আপনাদের খোঁজখবর নেই। পাশাপাশি আপনাদের উৎসাহ দেই। আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পূজামন্ডপ পরিদর্শন করতে এসেছি। তাই কোন প্রকার ভয় না পেয়ে নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন। যে কোন প্রয়োজনে আমি এবং আমার দলের নেতাকর্মীরা আপনাদের পাশে আছি।
এসময় তিনি আরও বলেন, আমি জনপ্রতিনিধি থাকা অবস্থায় আমার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নের জন্য ভূমিকা রেখেছি। যেই পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, স্বাধীনতার পর মতলব দক্ষিণ উপজেলায় সেই উন্নয়ন হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার দল যদি আমাকে মনোনয়ন দেয়, এলাকার সন্তান হিসেবে আমি এই উপজেলার কাঙ্খিত উন্নয়ন করবো ইনশাআল্লাহ।
এসময় মতলব দক্ষিণ উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোজাম্মেল প্রধান হাসিব