শাহরাস্তিতে নো পার্কিং নিষেধাজ্ঞা অমান্য করে দিনের বেলায় ট্রাক পার্কিং ও মালামাল আনলোড করার দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) দুপুরে শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এ দণ্ড প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি ঠাকুরবাজার এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত রাস্তার ওপর কোনো গাড়ি পার্কিং বা পণ্য নামানো নিষিদ্ধ করে পরিপত্র জারি করা হয়।
ওই নির্দেশনা অমান্য করে ট্রাক পার্কিং করে পণ্য আনলোড করায় পৌর শহরের কালিয়াপাড়া এলাকার মৃত ছায়েদ আলীর পুত্র মো. মানিক হোসেন (৪৫)-কে ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭ ও ৯০ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সূত্র আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় তাকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয় এবং তিনি ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না বলে লিখিত অঙ্গীকারনামা দেন।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন,বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা ও যানজট নিরসনে উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
উল্লেখ্য, ঠাকুরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়ে স্থানীয় জনগণ ভোগান্তির শিকার হচ্ছিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।

মোঃ মাসুদ রানা