ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে পৌরসভা কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে সুলতানা রাজিয়া নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে পৌর কমিটির সহায়ক সদস্য ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম, উপজেলা মাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, যুব উন্নয়ন কর্মকর্তা মেছবাহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা, পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, সচিব শাহ্ সুফিয়ান খানসহ হিসাব কর্মকর্তা, সহকারী কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে সুলতানা রাজিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ফরিদগঞ্জের মানুষ ও সহকর্মীদের ভালোবাসা আমি সারাজীবন মনে রাখব। প্রশাসনিক দায়িত্বের বাইরেও এই এলাকার সঙ্গে আমার এক আবেগের সম্পর্ক গড়ে উঠেছে।”
অনুষ্ঠান শেষে তাঁর হাতে স্মারক উপহার তুলে দেন পৌরসভার কর্মকর্তারা।

এস. এম ইকবাল