শাহরাস্তি উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় ২৯৫ জন কৃষকের মাঝে উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের সবজি বীজ এবং বিভিন্ন প্রকার সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) শাহরাস্তি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
তিনি বলেন, “সরকার কৃষকদের আধুনিক কৃষি উপকরণ ও উন্নত জাতের বীজ সরবরাহ করছে যাতে তারা কম খরচে বেশি উৎপাদন করতে পারে। এ প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধিতে আশার আলো দেখাবে।এই কর্মসূচি কৃষকদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
এতে ১৭০ জন কৃষক হাইব্রিড জাতের সবজি বীজ ও সার এবং ১২৫ জন কৃষক উচ্চফলনশীল (উফশী) জাতের সবজি বীজ ও সার সহায়তা পান। বিতরণকৃত উপকরণের মধ্যে প্রতিটি হাইব্রিড সবজি বীজ গ্রহণকারী কৃষক পান ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) সার, ১০ কেজি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার ও ১০ কেজি হাইব্রিড সবজি বীজ। অপরদিকে উফশী জাতের সবজি চাষিদের মাঝে ১২৫ গ্রাম করে সবজি বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাকসুদুল আলম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নারগিস আক্তার এবং কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল হোসেন।
তারা জানান, এই প্রণোদনা কৃষকদের সবজি উৎপাদনে আগ্রহী করবে এবং স্থানীয় পর্যায়ে পুষ্টিকর খাদ্য সরবরাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা