প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ । ৮:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে রাত ১০টার পর চায়ের দোকান বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে রাত ১০টার পর থেকে বাজারের চায়ের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

২৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জবেদ হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মেদ তানভির হাসান, হাজীগঞ্জ থানা ওসি (তদন্ত) রাজিব শর্মা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রাশেদা আতিক রোজীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

সভায় চুরি, মাদক, ড্রেজার, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কড়া পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। আলোচনায় উঠে আসে, রাতের বেলায় বাজার এলাকায় চায়ের দোকানগুলো অনেক সময় অপরাধীদের আড্ডাস্থলে পরিণত হয়। এজন্য রাত ১০টার পর সব চায়ের দোকান বন্ধ রাখার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া উপজেলার আইনশৃঙ্খলা আরও উন্নত করতে ইউনিয়ন পর্যায়ে সচেতনতা কার্যক্রম, পুলিশি টহল বৃদ্ধি এবং প্রশাসনিক নজরদারি জোরদার করার আহ্বান জানানো হয়।

সভায় ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, “জননিরাপত্তা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রাত ১০টার পর অপ্রয়োজনে কেউ যেন বাজার এলাকায় অবস্থান না করে, এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।”

সভায় অংশগ্রহণকারীরা মনে করেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রাতের আড্ডা সংস্কৃতি ও অপরাধমূলক প্রবণতা কিছুটা হলেও কমে আসবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন