“পরিচ্ছন্ন শাহরাস্তি, সুন্দর শাহরাস্তি” এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শাহরাস্তি রেলস্টেশন বাজার ও এর আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে সামাজিক সংগঠন বিডি ক্লিন শাহরাস্তি টিম।
অভিযানে নেতৃত্ব দেন বিডি ক্লিনের সমন্বয়ক (লজিস্টিক) আল আমিন ইসলাম। তার নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
অভিযানে বাজারের বিভিন্ন স্থানে পড়ে থাকা বিস্কুট, চিপস, পানির বোতল, পলিথিনসহ পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে ফেলা হয়। এছাড়া দোকানদার ও বাজারের ক্রেতাদের মাঝে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। যেন কেউ আর যত্রতত্র ময়লা না ফেলে।
স্থানীয় ব্যবসায়ী সমাজ বিডি ক্লিনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এমন উদ্যোগ নিয়মিত হলে আমাদের বাজার আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।”
অভিযানে অংশ নেওয়া বিডি ক্লিন সদস্যরা জানান, “পরিচ্ছন্নতার কাজ শুধু কোনো একদিনের নয়, এটি সবার অভ্যাসে পরিণত করতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ জায়গা থেকে সচেতন হয়, তাহলে আমাদের চারপাশ আরও বাসযোগ্য হয়ে উঠবে।”
অভিযান শেষে অংশগ্রহণকারীদের হাতে গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয় এবং ভবিষ্যতে শাহরাস্তি এলাকার অন্যান্য স্থানে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

নিজস্ব প্রতিনিধি