প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ । ১১:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নির্বাচিত হলে মতলবে ভবেরচর-গজারিয়া সেতু বাস্তবায়ন করব : মুফতী মানসুর আহমেদ সাকী

এইচ.এম নিজাম
চাঁদপুর-২ (মতলব উত্তর দক্ষিণ) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী মানসুর আহমদ সাকী।
মঙ্গলবার সকালে মতলব উত্তর উপজেলার শ্রীরায়ের চর বাজার থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন তিনি। এসময় দলীয় কয়েক হাজার নেতাকর্মী নির্বাচনী শোডাউন ও গণসংযোগে উপস্থিত ছিলেন।
নির্বাচনী গণসংযোগ ও পথসভায় চাঁদপুর-২ আসনের প্রার্থী ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেন, ৫৪ বছরের অন্যায়ের জবাব দেবে ইসলামী রাজনীতি। দেশের মানুষ যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়াই আমাদের কাজ।
তিনি বলেন, ইসলামী আন্দোলন রাষ্ট্রক্ষমতায় এলে জুলুম-নির্যাতন, সন্ত্রাস, মাদকমুক্ত একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে পারব। এ লক্ষ্যেই আমরা কাজ করছি।
মুফতী মানসুর আহমদ সাকী বলেন, মতলবের মানুষ এখনো তাদের মৌলিক অধিকার ফিরে পায়নি। এ এলাকার যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। ঢাকা থেকে মতলবের দূরত্ব খুব কম হলেও যোগাযোগ ব্যবস্থার অভাবে অর্থনৈতিকভাবে এ অঞ্চল পিছিয়ে আছে। আমরা ক্ষমতায় এলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাব।
তিনি আরও বলেন, কালীপুর থেকে ভবেরচর-গজারিয়া পর্যন্ত যে সেতুটি দীর্ঘদিন ধরে পরিকল্পনায় আছে, আমরা নির্বাচিত হলে সেই সেতু বাস্তবায়ন করব। এতে ঢাকার সঙ্গে মতলবের সরাসরি যোগাযোগ স্থাপন হবে এবং মতলবের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রতি জনগণের সাড়া প্রসঙ্গে ইসলামী যুব আন্দোলনের এ নেতা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে মানুষের একটাই প্রত্যাশা ইসলামী শাসন প্রতিষ্ঠা। ৫৪ বছর অনেক দল, অনেক প্রতীক দেখেছে মানুষ, এখন তারা ইসলামকে চায়। সেই জায়গা থেকেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মতলবের মানুষ দল-মত নির্বিশেষে পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্যই তারা হাতপাখা বেছে নেবে।
মুফতি সাকী বলেন, আমরা বিজয়ী হতে পারলে মতলবকে একটি শান্তিময়, নিরাপদ, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজে পরিণত করব।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, কেন্দ্রীয় নেতা শাহজাহান আল হাবিবী, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতী ইমরান হোসাইন, ইসলামী আন্দোলনের মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আনসার আহমেদ, উত্তর উপজেলা সভাপতি হাফেজ হাবিবুর রহমান, সেক্রেটারি ডালিম চৌধুরী, ইসলামী আন্দোলনের নেতা আতাউল্লাহ মহসিন ও পৌর সভাপতি গাজী এমদাদুল হক মানিক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন