শাহরাস্তি উপজেলার টামটা আদর্শ উঃবি’র পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৭৫ জন, এর মধ্যে বিপুলসংখ্যক অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর এমন নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফলে আবুল কালাম আজাদ ১৪৪ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। মো. দেলোয়ার হোসেন ১২৯ ভোট পেয়ে দ্বিতীয়, জহিরুল হক ১২৫ ভোট পেয়ে তৃতীয় এবং নজরুল ইসলাম ১১৪ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন।
সরকারি বিধি মোতাবেক অনুষ্ঠিত এ নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন,উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান।তাকে সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, পৌরসভা যুবদলের যুগ্ন আহবায়ক মাহবুব হাসান বাবলুসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার বিশিষ্টজন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক অফিসের কর্মকর্তা ও কর্মচারী, গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অভিভাবক ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর এমন নির্বাচন হওয়ায় তাঁরা অত্যন্ত সন্তুষ্ট। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করায় তাঁরা আয়োজক ও সহযোগী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠনের প্রক্রিয়া আরেক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

মোঃ মাসুদ রানা