চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় সড়ক দখলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন।
অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর আওতায় “বোগদাদ” ও “আইদি” পরিবহনকে দুটি মামলায় মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫৪ ধারায় বাজার এলাকার চারটি রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “সড়ক দখলমুক্ত রাখা, ভোক্তার অধিকার রক্ষা ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে হাজীগঞ্জ থানা–পুলিশ সহায়তা করে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বলেন, নিয়মিত এমন উদ্যোগ নিলে যানজট কমবে এবং বাজার এলাকা হবে আরও শৃঙ্খলাপূর্ণ।

নিজস্ব প্রতিনিধি