চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অবৈধ খাদ্য উৎপাদন, অননুমোদিত মোড়কজাতকরণ ও ভেজাল দ্রব্য বিক্রির অভিযোগে ৭টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২ নভেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়, হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানে অবৈধ খাদ্য উৎপাদন, অননুমোদিত মোড়কজাতকরণ, ভেজাল দ্রব্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে স্টার হোটেল সুইট অ্যান্ড মিনি চাইনিজ কে ২০,০০০ টাকা, গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টকে ৫,০০০ টাকা, ওয়েলকাম সুপার শপকে ৫,০০০ টাকা, নারগিস ফুডকে ৫,০০০ টাকা, দি বন্ধু ফার্মেসিকে ১০,০০০ টাকা, হোটেল রাজমহল অ্যান্ড সুইটসকে ৫,০০০ টাকা, ভিআইপি হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবকে ৫,০০০ টাকা সহ মোট ৫৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, “অভিযানে জরিমানার পর প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।”
তিনি আরও জানান, ফুটপাত দখল, অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ খাবার ও ওষুধ বিক্রি এবং নিম্নমানের খাদ্য উৎপাদন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
অভিযানে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল সহায়তা করে।

মির্জা মানিক