অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষের প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে। দলের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে চাঁদপুর-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ইঞ্জিনিয়ার মমিনুল হকের নাম।
এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই হাজীগঞ্জ ও শাহরাস্তি জুড়ে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই মনোনয়ন নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দলীয় সূত্র জানায়, চাঁদপুর-৫ আসনের চারবারের এমপি মরহুম এম. এ. মতিনের রাজনীতি সীমিত হওয়ার পর থেকেই ইঞ্জিনিয়ার মমিনুল হক বিএনপির তৃণমূল রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিকূল পরিবেশেও লক্ষাধিক ভোট পেয়ে তিনি নজির স্থাপন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দুই যুগেরও বেশি সময় ধরে হাজীগঞ্জ-শাহরাস্তির নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থেকে দায়িত্ব পালন করে আসছেন।
দলীয় সূত্র আরও জানায়, তাঁর জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের শক্ত অবস্থান বিবেচনায় কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে মনোনীত করেছে।মনোনয়নের খবর পেয়ে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া বলেন,দলের শীর্ষ নেতৃত্ব ধানের শীষের প্রতীক দিয়ে আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে মূল্যায়ন করেছে। এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করে বিজয় নিশ্চিত করার।
সহ-সভাপতি আবু ইউছুফ পাটোয়ারী রূপন বলেন, এই মনোনয়ন আমাদের ঐক্যের প্রতীক। এ অর্জনের ফসল ঘরে তুলতে হবে। সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন বলেন,ধানের শীষের প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ।সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী বলেন, দীর্ঘ রাজনৈতিক পরিশ্রম ও ত্যাগের ফলস্বরূপ এই মনোনয়ন এসেছে। এটি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।একই অভিমত ব্যক্ত করেন উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশও।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মমিনুল হক বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ-শাহরাস্তি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। জেলা বিএনপির সভাপতি থাকাকালে তিনি তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা রাখেন। নিজ নির্বাচনী এলাকায় প্রতিক্রিয়া জানিয়ে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন— ধানের শীষ গণতন্ত্রের প্রতীক। আমি জনগণের বিশ্বাস ও দলের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত। হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের অধিকার ও উন্নয়নের জন্যই আমার রাজনীতি। এই জনপদের বিএনপি দলীয় লোক ছাড়াও সকল মানুষ আমার নিজের আপনজন।
আমি জয় যুক্ত হলে সবাইকে নিয়ে কাজ করব। আল্লাহ পাক আমাদের সহায় হোন।

মোঃ মাসুদ রানা