চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক বলেছেন, ভূমি সেবাখাতে জনসাধারণের সেবা প্রাপ্তি বিষয়ে অনেক পরিবর্তন এসেছে। চাঁদপুরে ৫টি ভূমি সহায়তা কেন্দ্র রয়েছে। আপনারা সেখান থেকেও সেবা নিতে পারেন। স্বল্প খরচে অনলাইনে আবেদন করাসহ যেকোন সহায়তা আপনারা ভূমি সেবা কেন্দ্রে পাবেন।
আপনারা আজ লিখিত ও মৌখিকভাবে যে সমস্যাগুলোর কথা জানিয়েছেন, পরবর্তীতে আপনারা আজকের এই গণশুনানীর রেফারেন্স দিলে আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করতে। তবে আপনাদের মত সাধারণ মানুষদেরকে ভূমি সংক্রান্ত বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর আয়োজনে এবং উপজেলা ভূমি অফিস ও শাহমাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক সহযোগিতায় ভূমি অফিসের সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণকে জানানো এবং ভূমি অফিসের সেবায় সুশাসন বৃদ্ধির লক্ষ্যে গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সনাক চাঁদপুরের সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এডিসি একরামুল ছিদ্দিক বলেন, আইনের মধ্যে থাকলে ভূমি সম্পর্কিত সকল সমস্যার সমাধান করা হবে। আমরা চাই ভূমি সংক্রান্ত বিষয়ে মানুষ যেন কোন ধরণের হয়রানীর শিকার না হয়। সেবা নিতে সাধারণ জনগণের আরও বেশি সহনশীল হওয়ার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, ভূমিসেবা নিতে গিয়ে আপনার কাছ থেকে অফিসের কোন লোক যদি সরকার নির্ধারিত টাকার বাহিরে অতিরিক্ত টাকা নেয়, তাহলে প্রমান সাপেক্ষে আমার কাছে অভিযোগ করবেন। আমি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা আমাকে এ বিষয়ে সরাসরি বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ দিতে পারেন। আপনারা ভূমি নিয়ে কোন জটিলতায় পড়লে প্রথমে এসিল্যান্ডের কাছে যাবেন। সমাধান না হলে আমার কাছে সরাসরি চলে আসবেন। তিনি আরও বলেন, ভূমি সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনায়ণের জন্য সনাক-টিআইবি’র এটি একটি ভালো উদ্যোগ। তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
‘ভূমি খাতে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাস’ এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি। এসময় তিনি জনসাধারণের কাছ থেকে উত্থাপিত লিখিত ও মৌখিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত বা ভূমি আইন নিয়ে সাধারণ জনগণের তেমন কোন ধরাণা নেই।
তবে ভূমি আইন ও ভূমি সংক্রান্ত বিষয়ে আপনার কিছু ধারণা থাকা দরকার। ভূমি নিয়ে আপনাদের অজ্ঞতার কারণেই আপনাদেরকে অনেক বেশি হয়রাণী হতে হয়। তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি এলাকার সাধারণ মানুষদের জিম্মি করে হয়রাণী করে। আপনারা দালালের মাধ্যমে ভূমিসেবা নিতে গিয়ে প্রতারিত হবেন না। তিনি ভূমি অফিসের সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করেন। তিনি গণশুনানীতে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, আমাদের ভূমি বিষয়ে অজ্ঞতার কারণেই বিভিন্ন জটিলতায় পড়তে হয়। আমরা যদি সচেতন ও আন্তরিক হই তাহলে যেকোন সমস্যার সমাধান করা সম্ভব। আমরা লক্ষ্য করছি সদর উপজেলায় ভূমিসেবা নিয়ে যারা কাজ করছেন তারা জনসাধারণের সেবা প্রদানে খুবই আন্তরিক। আর আন্তরিক বলেই আজ ভূমিখাতে সমস্যাগুলো নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আজকের উত্থাপিত সুপারিশ ও সমস্যাগুলো ছাড়াও যদি কারো কোন সমস্যা থাকে আপনারা সদর উপজেলা ভূমি কর্মকর্তার সাথে সরাসরি দেখা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ভুল, মিথ্যা ও হয়রাণীমূলক তথ্য নিয়ে যাবেন না।
অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস ও শাহমাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিসের সেবা সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন স্বপন মাহমুদ, আবু তাহের খোকন, শাহজালাল দেওয়ান, মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল হামিদ খান, মোঃ মমিন পাটওয়ারী, মোঃ সেলিম চৌধুরী, মাসুদ বেপারী, রমজান মিজি, মোস্তফা খাঁন, ফাতেমা বেগম, মোঃ মাহবুব খাঁন প্রমুখ। সনাক চাঁদপুরের ভূমি বিষয়ক এসিজি গ্রুপের সমন্বয়কারী মোঃ উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় গণশুনানিতে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন। ভূমিখাতে সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে সনাক-টিআইবি’র লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাসুদ রানা।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি অ্যাড. পলাশ মজুমদার, জেসমিন আক্তার জেসী, সদস্য রুমা সরকার, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দছ আখন্দ রোকন, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম সোহাগ, সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল কাদির কাজী, আফসার ইয়ামিন রনি, নজরুল ইসলাম, এসিজি গ্রুপের সদস্যবৃন্দ ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দসহ ইউনিয়নের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপজেলা ভূমি অফিসের সেবা সম্পর্কিত বিষয়ে সুশাসন বৃদ্ধির লক্ষ্যে শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মাইকিং-এর মাধ্যমে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

মাসুদ হোসেন