শাহরাস্তির এক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর দাবা (বালক বড়) ইভেন্টে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ খারিজ বিন আয়াজ জাতীয় পর্যায়ে কারিগরি শিক্ষা ক্রীড়া উপ-অঞ্চলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ক্রীড়া ক্ষেত্রে এই অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহরাস্তি পৌর প্রশাসক নাজিয়া হোসেন।
তিনি শিক্ষার্থী আব্দুল্লাহ খারিজ বিন আয়াজের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
ইউএনও নাজিয়া হোসেন বলেন, “শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও মননকে সমৃদ্ধ করছে—এটাই সবচেয়ে বড় সাফল্য। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, শাহরাস্তি উপজেলারও গর্ব। আমরা চাই, ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা জাতীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা উড়াবে। তিনি আরও বলেন, “ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও দলগত চেতনা শেখায়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল সাদাফ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজির হোসেনসহ বিজয় শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় দাবা (বালক বড়) ইভেন্টে রানার্স-আপ হওয়ার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এর পক্ষ থেকে আব্দুল্লাহ খারিজ বিন আয়াজকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

মোঃ মাসুদ রানা