ময়লার দুর্গন্ধে একসময় পথচলা ছিল কষ্টকর। সেই স্থান এখন সবুজে ভরা এক ছোট্ট বাগান। হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ব্রিজের পাশে ময়লার স্তুপকে পরিছন্ন করে ফুল ও ফলের বাগানে পরিণত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন হাজীগঞ্জ টিম।
শনিবার ৮ নভেম্বর দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় স্থানীয় স্বেচ্ছাসেবীরা। তাদের সহযোগিতায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন–এর সদস্য সচিব সাইফুল ইসলাম সিফাত, এবং বিডি ক্লিন চাঁদপুরের উপসমন্বয়ক নাফিসুর রহমান তামিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
স্থানটিতে আগে ছিল নোংরা আবর্জনা ও ঝোপঝাড়ে ভরা এলাকা। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও শিক্ষার্থীরা দুর্গন্ধে ভোগান্তিতে ছিলেন। এবার বিডি ক্লিন হাজীগঞ্জ টিমের উদ্যোগে সেই স্থানটিতে কেটে ফেলা হয় ঝোপঝাড়, পরিষ্কার করা হয় ময়লা, এরপর সেখানে লাগানো হয় ফলদ ও ফুলের চারা।
ওসি মহিউদ্দিন ফারুক বলেন, “পরিচ্ছন্ন হাজীগঞ্জ গড়তে সবাইকে সচেতন হতে হবে। বাজারে যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহার করতে হবে। নিয়ম ভাঙলে বাজার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সদস্য সচিব সাইফুল ইসলাম সিফাত বলেন, “এখন দায়িত্ব স্থানীয়দেরও। গাছগুলোর যত্ন নিতে হবে, পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তাহলেই এই উদ্যোগ টেকসই হবে।”
বিডি ক্লিন হাজীগঞ্জের আইটি ও মিডিয়া সমন্বয়ক ফয়সাল বলেন, “আমরা বহুদিন ধরে লক্ষ্য করছিলাম এই জায়গাটিতে মানুষ ও শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করেন, কিন্তু দুর্গন্ধের কারণে ভীষণ কষ্ট পেতে হয়। তাই আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই ময়লার স্তুপটিকে ফুল ও ফলের বাগানে রূপ দেব। আমাদের লক্ষ্য ‘পরিচ্ছন্ন হাজীগঞ্জ, পরিচ্ছন্ন বাংলাদেশ।’”
বিডি ক্লিনের সদস্যরা জানান, এটি শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং একটি বার্তা“ময়লার স্তুপ নয়, চাই ফুলে ভরা দেশ।” ভবিষ্যতেও হাজীগঞ্জসহ চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে এমন পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।
সংগঠনটি জানিয়েছে, আগামী মাস থেকে হাজীগঞ্জ পৌর এলাকার আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিডি ক্লিন হাজীগঞ্জ টিমের এই উদ্যোগে এলাকাবাসীও প্রশংসা জানিয়েছেন। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আগে এখানে দাঁড়ানোই যেত না, এখন জায়গাটা সুন্দর হয়ে গেছে। আমরাও প্রতিদিন গাছগুলোর যত্ন নেব।”
পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন উপজেলা সমন্বয়ক জাহিদুল হাসান, সদস্য জাহিদুল, নিলয়, নাইম, রোমান, আরাফাত, বোরহান প্রমূখ।
এভাবেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণে বদলে যাচ্ছে হাজীগঞ্জ, ময়লার স্তূপের জায়গায় ফুটে উঠছে সবুজের আশা।

মোহাম্মদ মোশারফ হোসেন