চাঁদপুরের পদ্মা–মেঘনায় জেলেদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগে নৌ পুলিশের স্পিডবোট চালক কুদ্দুস গাজীকে আটক করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে শহরের ৩ নম্বর কয়লাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়ভাবে পরিচিত কুদ্দুস গাজী দীর্ঘদিন ধরে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত এমন অভিযোগ বহুদিন ধরে উঠছিল। জেলেদের অভিযোগ, বৈধ জাল ব্যবহার করলেও নৌ পুলিশের ড্রাইভার কুদ্দুস এবং চরাঞ্চলের এক সোর্সের কাছে নিয়মিত চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে জাল ও নৌকা জব্দের হুমকির মুখে পড়তেন তারা।
সম্প্রতি হাইমচরে জেলেদের সঙ্গে মতবিনিময়কালে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের কাছে এসব অভিযোগ তুলে ধরেন জেলেরা। তিনি বিষয়টি মডেল থানা পুলিশকে জানানোর পর পুলিশ যাচাই-বাছাই করে কুদ্দুসকে আটক করে।
কুদ্দুস আটকের খবর ছড়িয়ে পড়লে জেলে পল্লিতে স্বস্তি ফিরে আসে। অনেক জায়গায় জেলেদের মধ্যে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। জেলে আবদুস সালাম বলেন, “দীর্ঘদিন ধরে চাঁদাবাজির ভয়ে কাজ করতে পারতাম না। এখন মনে হচ্ছে কেউ আমাদের কথা শুনেছে।”
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার উদ্দিন বলেন, “কুদ্দুস গাজী নামে একজনকে আটক করা হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
জেলেরা কুদ্দুসের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

মেহেদি হাসান রিমেল