শাহরাস্তির কৃষিজমিতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ভেকু মালিককে অর্থদণ্ড দিয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দুপুরে শাহরাস্তি উপজেলা প্রশাসন সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের কৃষিজমিতে এ অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমির উর্বরতা নষ্ট করে ভেকুর মাধ্যমে মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে অবৈধ মাটি উত্তোলন বন্ধ করে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ভেকুর মালিককে ৫০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
পাশাপাশি ভেকুটি ঘটনাস্থল থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। অভিযানটি পরিচালিত হয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মোঃ মাসুদ রানা