প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ । ৫:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের ছোটহলদিয়া ঈদগাহ মাঠ সংস্কার কাজ পরিদর্শন 

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোটহলদিয়া ঈদগাহ মাঠে চলমান সংস্কার কাজ পরিদর্শন করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও এলাকাবাসী। দীর্ঘদিনের জরাজীর্ণ পরিস্থিতি কাটিয়ে ঈদগাহটির পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কয়েকদিন আগে সংস্কার কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাজের অগ্রগতি ও মান যাচাই করতে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে স্থানীয়রা সরেজমিনে বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
স্থানীয়দের দাবি, ঈদগাহটি শুধু ঈদের নামাজই নয়; এলাকার গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, দোয়া মাহফিল ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। কিন্তু সময়ের সঙ্গে অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজন ছিল। তাই বর্তমান সংস্কার কাজকে তারা স্বাগত জানালেও মানসম্মতভাবে ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার আহ্বান জানান।
পরিদর্শনে অংশ নেওয়া ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ বলেন, “এই ঈদগাহ আমাদের এলাকার বড় সম্পদ। দীর্ঘদিন ধরে মেঝে, বাউন্ডারি ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে নামাজ আদায় ও অন্যান্য আয়োজন করতে অসুবিধা হতো। এখন সংস্কার কাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি। তবে কাজের গুণগত মান যেন ঠিক থাকে এবং সঠিক সময়ে শেষ হয়—এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় স্থানীয় যুবসমাজও সংস্কার কাজে সহযোগিতার আশ্বাস দেন এবং যে কোনো ধরনের অনিয়ম রোধে নজরদারি অব্যাহত রাখার কথা জানান। তারা আশা প্রকাশ করেন, সংস্কার শেষে ছোটহলদিয়া ঈদগাহ মাঠটি আধুনিক ও সুন্দর রূপে আবারও ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে।
পরিদর্শনকালে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, কেন্দ্রীয় কবরস্থান উন্নয়নমূলক কাজের সভাপতি ইঞ্জি. নুর মোহাম্মদ, মসজিদ কমিটির সভাপতি মনু সরকার, সমাজসেবক রুহুল আমিন সরকার, আকবর বেপারী, মফিজুল ইসলাম সরকার, ওয়াদুদ সরকার বাপক, ব্যবসায়ী সবুজ, কবির প্রধান, আবুল কালাম আশিক, পনির হোসেন সরকার, কবির সিকদার উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন