প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ । ১১:৫৭ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডিএনএ রিপোর্টেই মিলবে রহস্যের জবাব: কচুয়ায় উদ্ধার মাথার খুলি কি স্কুলছাত্র সাকিবুলের?

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর গ্রামে নিখোঁজের ৩ মাস পর স্কুলছাত্র মোঃ সাকিবুল হাসান (১৪)–এর মাথার খুলি ও কঙ্কালের হাড় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উত্তর পাশের একটি ডোবা থেকে মাথার খুলি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করে।

জানা যায়, নিহত সাকিবুল হাসান জয়নগর গাজী বাড়ির গাজী কাদিরের ছেলে। সে রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। চলতি বছরের ৩ মাস আগে হঠাৎ নিখোঁজ হওয়ার পর পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিল। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

নিখোঁজ সাকিবুলের বাবা গাজী কাদির ও দাদা মনতাজ গাজী জানান, সাকিবুল নিখোঁজ হওয়ার পর আমরা দিন-রাত খুঁজেছি। আজ যে কঙ্কাল পাওয়া গেছে, সেটি আমাদের সাকিবুলেরই—এমনটাই ধারণা করছি। সম্ভবত তাকে হত্যার পর কৌশলে ডোবায় ফেলে রাখা হয়েছিল।

স্থানীয়রা জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে প্রথমে মাথার খুলি দেখতে পায়। পরে এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  মোঃ আজিজুল ইসলাম বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে  একটি মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয় । এটি সাকিবুলের কিনা তা নিশ্চিত করতে ডিএনএ সহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে  চাঁদপুরে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন